রাজবাড়ীর কালুখালি উপজেলার চাদপুর এলাকায় ট্রাক, প্রাইভেটকার ও ব্যাটারি চালিত অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, সকালে কালুখালি উপজেলার চাদপুর রেলগেট এলাকায় ত্রিমুখী সংঘর্ষটি ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন ও পরে আরো তিনজনসহ মোট ছয়জন মারা গেছে। নিহতদের এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। তাদের রাজবাড়ী ও কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন।