চাঁপাইনবাবগঞ্জে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় আব্দুল্লাহ আল ওসমান (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদিরপুর এলাকার আঞ্চলিক সড়কে বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল ওসমান সদর উপজেলার মিল্কি গ্রামের উজ্জল আলীর ছেলে ও বিদিরপুর এলাকার আলোর দিশারী মডেল মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, বিদিরপুর আঞ্চলিক সড়কে বাইসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।