ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমিকার বড় ভাইয়ের ছুরিকাঘাতে মুক্তার মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তার মিয়া একই ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে কচুয়া গ্রামের রাব্বান মিয়ার মেয়ের শেউলা আক্তারের সঙ্গে মুক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে মুক্তারের পরিবার মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার দুপুরে মুক্তার অটোরিকশায় চাতলপাড় বাজার থেকে কচুয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পথেই শেউলার বড় ভাই শাহ আলমের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল তাকে আটকে ছুরিকাঘাত করে। হাত, পা ও পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত হন মুক্তার। স্থানীয়রা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহাম্মদ জানিয়েছেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।