বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
গতকাল বিকালে তিনি রবীন্দ্র কাছারিবাড়ি ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার পাশাপাশি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন। শাহজাদপুরে তার অনেক স্মৃতি রয়েছে। তিনি এখানে বসে তার অনেক কাব্য রচনা করেছেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অনুপ্রেরণা। তার রচয়িত গান আমাদের জাতীয় সংগীত। পর্যটনমন্ত্রী কাছারিবাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী দখলমুক্ত করে পুনরায় খননের আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পাবনা-১ (বেড়া ও সাঁথিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হান্নান মিয়া, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুনীর হোসেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা প্রমুখ।










