রাঙ্গামাটির অন্যতম পর্যটন ঝুলন্ত সেতু কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যাওয়ায় দর্শনার্থী চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেতুর কিছু অংশ ৬ ইঞ্চি বা তারও বেশি গভীরতায় নিমজ্জিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ কারণে বুধবার (৩০ জুলাই) সকালে রাঙ্গামাটি পর্যটন করপোরেশন সেতুতে দর্শনার্থী প্রবেশে এই নিষেধাজ্ঞা দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। তিনি বলেন, কাপ্তাই হ্রদের পানি ঝুলন্ত সেতুতে উঠে এসেছে। তাই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আপাতত সেতুতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পানি না নামা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
জানা যায়, প্রতি বছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৪-১০৫ এমএসএল (মিন সি লেভেল) অতিক্রম করলেই আংশিকভাবে পানিতে ডুবে যায় ১৯৮৬ সালে স্থাপিত এ ঝুলন্ত সেতু। এবার পানির উচ্চতা পৌঁছেছে প্রায় ১০৬ এমএসএলে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা যদি ১০৮ দশমিক ৫ এমএসএলের কাছাকাছি পৌঁছে যায়, তখন বাঁধের ১৬টি জলকপাট খুলে হ্রদের পানি কর্ণফুলী নদীতে নিঃসরিত করা হবে।
সাময়িক এই নিষেধাজ্ঞা পর্যটকদের জন্য কিছুটা ভোগান্তির হলেও কর্তৃপক্ষ মনে করছে, এটি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হলেই ঝুলন্ত সেতু আবারো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।










