নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত অর্ধশতাধিক লোক গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন। 


বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 


নিহতরা হলেন — বাঘাইকান্দি গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫০), সায়দাবাদ গ্রামের শাহীন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১৬), একই এলাকার আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০), ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৭০) এবং তোফাজ্জল (৩০)। এ ঘটনায় আহত বেশ কয়েক জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদী জেলা ও সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 


স্থানীয়রা জানান, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলো। এরই অংশ হিসেবে বুধবার (২১ আগস্ট) রাত থেকেই দুপক্ষের মধ্যে টেঁটা ও গুলি বর্ষণসহ সংঘর্ষের ঘটনা চলতে থাকে। সকালে গোলাগুলির এক পর্যায়ে ৫ জন নিহত হয়।


রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, চার জনের মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। 


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন পলাশ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে দুই পক্ষের সংঘর্ষের সময় চারজন নিহত হয়েছেন। তবে ঢাকায় নেওয়ার পথে আরো একজন মারা গেছে বলে শুনেছি।  এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।