বৈশ্বিক ও দেশীয় নানা অর্থনৈতিক সংকটের মধ্যেও এসবিএসি ব্যাংক সেবার মান উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকের সম্প্রসারণে অগ্রাধিকার দিচ্ছে। গ্রাহক, শেয়ারধারী ও শুভানুধ্যায়ীসহ সব অংশীজনের সহযোগিতায় আরো এগিয়ে যেতে চায় চতুর্থ প্রজন্মের ব্যাংকটি।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর মতিঝিলে এসবিএসি ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যাংকটির শীর্ষ নির্বাহীরা। ব্যাংকটির ১৪ তম বর্ষে পদার্পণ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রকৗশলী মো. মোখলেসুর রহমান বলেন, এসবিএসি ব্যাংকের আমানতকারীরা সম্পূর্ণ নিরাপদ আছেন। দীর্ঘদিনের নৈতিক চর্চা ও উচ্চ মানদণ্ড বজায় রাখার কারণে আমাদের প্রতি গ্রাহকদের আস্থা তৈরি হয়েছে। শুধু নিজেদের সাফল্য নয়, বরং উদ্যোক্তা তৈরি, কর্মস্থান সৃষ্টিসহ জাতীয় অর্থনীতে অবদান রাখাই আমাদের লক্ষ্য। আমরা আমানতকারী, ঋণ গ্রহণকারী, কর্মকর্তা ও শেয়ারধারীরা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আরো এগিয়ে যেতে চাই।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মঈনুল কবীর বলেন, সম্প্রতি ১১ হাজার কোটি টাকার আমানত ক্লাবে প্রবেশ করেছে ব্যাংকটি। কিন্তু আমরা কোনো আগ্রাসী ব্যাংকিং করতে চাই না। আমাদের এডিআর ৮২ শতাংশেরও কম। আমরা বেছে বেছে ভালো গ্রাহকদের ঋণ দিতে চাই। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অর্থায়নে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এ খাতে বর্তমানে আমাদের ৩৫ শতাংশ বিনিয়োগ আছে। এটিকে আমরা ৫০ শতাংশে নিয়ে যেতে চাই। দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে বিবেচিত এ খাতগুলোয় বিনিয়োগ বাড়ানো হলে সামগ্রিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

সংবাদ সম্মেলনে আরো ছিলেন এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. রবিউল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন ভূঁইয়াসহ ব্যাংকটির বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা।