চাঁদপুর শহরের নিউ ট্রাকরোড এলাকার সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে যানবাহনের যাত্রী ও পথচারীরা। পায়ে হেঁটে চলাচলও কষ্টকর হয়ে পড়েছে। তবে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কটি সংস্কার করা হবে। তালিকায় রয়েছে।

রিকশাচালক মুনসুর জানান, বহু বছর সড়কটি মেরামত করা হয়নি। যে কারণে ছোট যানবাহন চলাচলের সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। 

স্থানীয় বাসিন্দা কুদ্দুছ মিয়া জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সড়ক ও মহল্লার সংযোগ সড়ক দিয়ে শিক্ষার্থীরা চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে পায়ে হেঁটে চলাও সম্ভব হয় না। শিক্ষার্থীদের পোশাক নষ্ট হয়। যানবাহন চলাচলের সময় ময়লা পানি এসে গায়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা আলম খান জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মালবাহী ট্রাক চলে। প্রত্যেক ট্রাক থেকে পৌরসভা টোল আদায় করে। এছাড়া পৌরসভার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ সড়ক। কারণ দিনের বেলায় শহরের মূল সড়ক দিয়ে বড় বড় ট্রাকগুলো না গিয়ে এ সড়কে চলে। ট্রাক রোডের গুরুত্ব কোনো অংশেই কম নয়। পৌর কর্তৃপক্ষের সড়কটি মেরামতের উদ্যোগ নেয়া দরকার। বৃষ্টির পর অনেক সময় ইটের গুঁড়া দিয়ে বড় বড় গর্ত ভরাট করা হয়। কিন্তু এক বৃষ্টিতে আবার আগের অবস্থা সৃষ্টি হয়।

চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান বলেন, ‘শহরের যেসব এলাকায় উন্নয়ন করা প্রয়োজন সেখানে আমরা কাজ করছি। শহরের কয়েকটি সড়ক প্রশস্ত করা হয়েছে। ট্রাক রোডের অবস্থাও আমার জানা আছে। ট্রাক রোড মেরামতের বিষয়টিও আমাদের সংস্কার তালিকায় রয়েছে। আমি দায়িত্ব নেয়ার পর থেকে গত দুই বছরে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। পর্যায়ক্রমে সব কাজই করা হবে।’