নির্বাচন নিয়ে কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সম্প্রতি জাতীয় নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, দ্রুত তাদের ডেকে সতর্ক করা হবে।

আজ বুধবার সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে গাছের পরিচর্যা কার্যক্রম উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. রাজ্জাক এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভোম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। দেশের আত্মমর্যাদার ক্ষেত্রে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

সংবিধানের অনুচ্ছেদ-১২৬ উল্লেখ করে মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী দেশের নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর তাদের সহযোগিতা করবে জেলা প্রশাসক ও পুলিশ বিভাগ। তাদের সমন্বয়ে দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। এ জন্য সকল নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ।

বিএনপি প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, তারা এর আগেও আন্দোলন করেছে। মানুষ হত্যা করেছে। তাদের সব কার্যক্রম রাজনৈতিকভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ।  

‘দুর্ভিক্ষের আশঙ্কা নেই’ দাবি করে মন্ত্রী বলেন, ধান ও সবজির ফলন ভালো হওয়ায় দেশে এখন দুর্ভিক্ষের আশঙ্কা নেই। দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে।

ডলার সংকট একটি আন্তর্জাতিক সমস্যা। ডলার সংকট সমাধানে কাজ করছে সরকার। ইউক্রেন যুদ্ধ শেষে এ সমস্যা আর থাকবে না বলেও জানান ড. আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, গত সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন, ভোটগ্রহণ ও ভোট জালিয়াতির প্রসঙ্গে বিভিন্ন মন্তব্য করেন জাপানের রাষ্ট্রদূর ইতো নাওকি।

তিনি বলেন, নির্বাচন নিয়ে বৈশ্বিকভাবে জাপানের মতামতের একটা গুরুত্ব রয়েছে। এর আগে আমরা নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা শুনেছি, যা পৃথিবীর অন্য কোথাও শুনিনি। আমি আশা করব এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।

এ প্রসঙ্গে গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির বক্তব্যের ব্যাখ্যা চাইবে পররাষ্ট্র মন্ত্রণালয়।