নোয়াখালীতে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ঘটনায় এক বখাটেকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়খালের পাশে দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিমসহ ৫ বখাটে ওই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
আজ রোববার (৪ অক্টোবর) আবদুর রহিম (২২) নামে এক যুবককে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, খালপাড় এলাকার একটি বাড়িতে ২০/২৫ দিন আগে এ ঘটনা ঘটে। তবে ওই ভিডিও আজ রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ভিডিও চিত্রে দেখা যায়, ওই গৃহবধূ নিজের সম্ভ্রম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু নির্যাতনকারীরা তার পোশাক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে কিছু একটা বলছে। হামলাকারী কিশোরদের ‘বাবা’ ডাকেন এবং তাদের পায়ে ধরেন ওই নারী। এক কিশোর তার মুখে একের পর এক লাথি মারে। লাঠি দিয়ে আঘাত করতে থাকে কেউ।
বেগমগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেনের নজরে এলে এ বিষয়ে ত্বরিৎ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানার ওসিকে নির্দেশ দেন তিনি।
থানার সূত্র আরও জানায়, পুলিশ নির্যাতিতাকে তার বাবার বাড়ি থেকে আজ সন্ধ্যায় উদ্ধার করে। তিনি পুলিশকে জানিয়েছেন, আজ থেকে ২০/২৫ দিন আগে এ ভিডিও ধারণ করা হয়।










