ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ ডেঙ্গুরোগী।

বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩ জন, খুলনা বিভাগে ৮৯ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৬ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৮২ জন (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৫ জন (সিটি করপোরেশনের বাইরে) ও সিলেট বিভাগে ৩ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত একদিনে সারা দেশে ১ হাজার ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৭ হাজার ৯৮৯ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২৩ জনের।