চুয়াডাঙ্গায় টানা ৩৯ দিন ধরে অব্যাহত রয়েছে নিম্ন তাপমাত্রা, পাশাপাশি বয়ছে মৃদু শৈত্য প্রবাহ। হিমেল বাতাস ও কুয়াশায় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার ওপর দিয়ে গত শুক্রবার সকাল থেকে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। বুধবার ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। হিমেল বাতাস বইছে। সেই সঙ্গে আকাশ কুয়াশাচ্ছন্ন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আজ চুয়াডাঙ্গার আকাশে মেঘ জমবে এবং বৃহস্পতিবার হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে উত্তরের হিমেল হাওয়ায় আরো শীতের প্রকোপ আরো বাড়তে পারে।