ময়মনসিংহের ভালুকায় ফেসবুক কমেন্ট নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সাঈম খান (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। রোববার রাতে উপজেলার মেহেরাবাড়ী পশ্চিমপাড়া এ্যাপারেল চৌরাস্তায় সংঘর্ষে আহত হওয়ার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে সাঈম খান মারা যান। নিহত সাঈম খান হবিরবাড়ী গ্রামের সিডস্টোর বাজার এলাকার নাজিম উদ্দিন খানের ছেলে ও শ্রীপুর আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে উপজেলার মেহেরাবাড়ী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মিরাজ (১৫) একই গ্রামের আমান উল্ল্যাহ পাঠানের ছেলে সাব্বির (১৭), হাবিবুল্ল্যাহর ছেলে সোহাগ (১৬) ও সোলমানের ছেলে মনিরকে (২৪) নেশাখোর মন্তব্য করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরই জের ধরে রোববার সন্ধ্যায় মিরাজের বিচার করার জন্য মনির মোবাইল ফোনে নিহত সাঈম খানসহ সাত-আটজনকে ডেকে আনে। এ সময় দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে সাঈম খান ও মিরাজ আহত হন। আহতদের উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সাঈম খানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে সাঈম মারা যান।