বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদক ২০২২-এ ভূষিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের আরো ২৩ গুণীজনকে এ বছর একুশে পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার ১৯৭৬ সাল থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়ে আসছে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন একুশে পদকে ভূষিত হওয়ায় তাকে যবিপ্রবি শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি অভিনন্দন জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশে জিনোম ও মাইক্রোবায়োম গবেষণা প্রতিষ্ঠায় অন্যতম পথপ্রদর্শক। করোনা মহামারীর শুরুতে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং তার দল করোনা পরীক্ষা, গবেষণা ও করোনার বিভিন্ন ধরনের রহস্য উন্মোচনে অগ্রণী ভূমিকা রাখছেন।