শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বর্তমান সরকার অনেক কিছু করে দেবে সেটা ভাবা ঠিক না। অন্তর্বতী সরকারের উদ্দেশ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেয়া। তখন তারা এসে এগুলো এগিয়ে নেবে। এছাড়া ভোলায় বিভিন্ন কূপ খনন করা হচ্ছে। সে গ্যাস গুরুত্বপূর্ন বিবেচনায় সেক্টরগুলোতে সরবরাহ করা হবে। তাছাড়া বিগত সরকার বাপেক্সকে কাজে লাগায়নি বলে অভিযোগ করেন তিনি।

আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশে চিনির উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমিয়ে আনা। দেশে আখ সংকটে বন্ধ হয়ে যাওয়া ৬টি চিনিকলগুলো আবারো সচল করা হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নাটোরের লালপুরে নর্থবেঙ্গল চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে সুগার মিলের ক্যান কেরিয়ারে আখ ফেলে ২০২৪-২৫ মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র, জেলা প্রশাসক আসমা শাহীন, নর্থবেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে নর্থবেঙ্গল চিনিকল ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষামাত্রা নির্ধারণ করেছে।