জ্বালানি সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল এবং ২ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে কাজাখস্থান থেকে ডিজেল ও সিঙ্গাপুর থেকে এলএনজি কেনা হবে। শনিবার (৪ এপ্রিল) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তানভিত্তিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাব উপস্থাপন করা হলে তাতে অনুমোদন দেয়া হয়। ব্যারেল প্রতি ৭৫ ডলার ৬ সেন্ট ধরে ১ লাখ টন ডিজেল কিনতে ব্যয় হবে ৫ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৭৬০ ডলার। প্রতি ডলার ১২৩ টাকা ১০ পয়সা হিসেবে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ৬৮৯ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

এদিকে গতকাল সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এ এলএনজি কেনা হচ্ছে।