গৃহকর্মী সুরক্ষায় প্রণীত নীতিমালা যথেষ্ট নয় বলে মত দিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তাদের দাবি, গৃহকর্মী শিশুদের সুরক্ষার জন্য দ্রুত আইন প্রণয়ন জরুরি। একই সঙ্গে গৃহকর্মকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তালিকায় অন্তর্ভুক্ত করারও সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) আয়োজিত গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ দাবির কথা জানানো হয়। এএসডির নির্বাহী কমিটির সভাপতি ড. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. তরিকুল আলম।
গবেষণা প্রতিবেদনে ঢাকা শহরের গৃহকর্মী শিশুদের পরিস্থিতি তুলে ধরা হয়। এতে দেখা গেছে, বিদ্যমান নীতিমালা গৃহকর্মী শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। তাই দ্রুত আইনের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়।
অনুষ্ঠানে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. তরিকুল আলম বলেন, গৃহকর্মী শিশু নির্যাতন বন্ধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগের তুলনায় গৃহকর্মী শিশু নির্যাতন কমেছে। তবে আমরা চাই এটি সম্পূর্ণ বন্ধ হোক।
জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক এম রবিউল ইসলাম বলেন, গৃহকর্মী শিশুদের সুরক্ষায় আমাদের নীতিমালা যথেষ্ট নয়। আইন প্রণয়নের কাজ দ্রুতই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় গবেষণা প্রতিবেদনে আইন সংশোধন, গৃহকর্মকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হিসেবে অন্তর্ভুক্ত করা ও নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের তাগিদ দেয়া হয়।










