দীর্ঘ ১৩ বছর পর সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাব্বির হোসেন হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আরো আট আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বেলা ১১টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন। আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মো. হামিদ, আরশেদ আলী, মো. ওয়াজ আলী, মো. কুন্নু, মো. আব্দুস সামাদ, মো. ইদ্রিস আলী ও মো. সেলিম রেজা। তাদের সবার বাড়ি শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে। মামলার বাকি আট আসামির মধ্যে রাউতারা গ্রামের আব্দুর রহিমকে দুই বছর এবং পোতাজিয়া গ্রামের নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. গোলাম সরওয়ার খান জানান, নিহত ছাব্বির হোসেনের বাবা ওসমান গণীর সঙ্গে আসামিদের আগে থেকে বিরোধ চলছিল। এর জেরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দলবদ্ধ হয়ে ওই পরিবারের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে ছাব্বির ও তার স্বজনদের ওপর আঘাত করা হয়। এতে ছাব্বির গুরুতর জখম হন এবং বগুড়ায় হাসপাতালে নেয়ার পথে মারা যান। গুরুতর আহত হন ছাব্বিরের চাচা আবদুল মতিন, কোরবান আলী, রমজান আলী, আনিছুর রহমান ও আত্মীয় তৈয়ব আলী। এ ঘটনায় ওসমান গণী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন।










