ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ-সদর আংশিক) বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। একইসঙ্গে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে তারা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টুর সমর্থকরা কাফনের কাপড় পরে বিক্ষোভ করেন।

উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বাসস্ট্যান্ড এসে সমাবেশে মিলিত হয়। এ সময় দুই মনোনয়নপ্রতাশী রাশেদ খানকে বহিরাগত আখ্যা দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সেই সঙ্গে ঝিনাইদহ-৪ আসনে আগামী ২৮ তারিখের মধ্যে বিএনপির কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান এ সংসদীয় আসনের বাসিন্দা না। তিনি ঝিনাইদহ-২ আসনে গত ৪ থেকে ৫ দিন আগেও গণসংযোগ করেছেন। এখন তাকে কালীগঞ্জবাসীর ওপর চাপিয়ে দেয়া হয়েছে। কালীগঞ্জের মানুষ কোনো বহিরাগত ব্যক্তিকে কোনোভাবেই মেনে নেবে না।

এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেন নেতাকর্মীরা।