চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে তিন উপজেলায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।

সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান কৃষক ওমর আলী। তিনি ভোলাহাট উপজেলার বাসিন্দা।

গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর গ্রামে বজ্রপাতে গুরুতর আহত শরিফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এছাড়া ভোলাহাটের দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় আনোয়ার হোসেন নামে এক কৃষক বজ্রপাতে মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান, ভোলাহাট থানার ওসি সেলিম রেজা বজ্রপাতে নিহতের ঘটনাগুলো নিশ্চিত করেছেন।