স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে অনেক সমস্যা রয়েছে। এ সমস্যাগুলো আগে দায়িত্বশীলদের বুঝতে হবে। চিকিৎসক, নার্সসহ বিভিন্ন সংকট নিয়ে চলছে দেশের হাসপাতালগুলো। কমিউনিটি ক্লিনিকগুলো আরো উন্নত ও ঢেলে সাজাতে হবে।’
গতকাল নরসিংদী জেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও সরকারি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক নিয়াজুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজীব, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালা প্রমুখ।










