ব্রাহ্মণবাড়িয়ায় আবারও প্যারাসিটামল ‘নাপা সিরাপ’ বিক্রির নির্দেশনা দিয়েছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। গতকাল সোমবার  রাতে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ১২ মার্চ নাপা সিরাপ বিক্রি বন্ধে একটি চিঠি দেয়া হয়েছিল। এরমধ্যে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতর নাপা সিরাপের (ব্যাচ নম্বর-৩২১১৩১২১) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। পরীক্ষায় প্রমাণিত হয়েছে নাপা সিরাপ সেবনের জন্য সম্পূর্ণ নিরাপদ। এছাড়া বেক্সিমকো ফার্মার পক্ষ থেকেও পরীক্ষা করে নাপা সিরাপ শতভাগ নিরাপদ বলে নিশ্চয়তা দেয়া হয়েছে।  এ অবস্থায় জনস্বার্থের কথা বিবেচনা করে নাপা সিরাপসহ অন্যান্য সব নিরাপদ পণ্য বিক্রির অনুরোধ জানিয়েছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। 

এর আগে গত শনিবার  ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি জেলায় নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করে।

এ বিষয়ে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউসার বণিক বার্তাকে জানান, আশুগঞ্জে দুই শিশুর মৃত্যুর ঘটনার পর ফার্মেসিগুলোতে নাপা সিরাপ সাময়িক বন্ধ রাখতে বলেছিলাম। যদি কোনো শিশুর ক্ষতি হয় সেই চিন্তা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সোমবার বিকেলে রাজধানীতে এক ব্রিফিংয়ে জানানো হয় নাপা সিরাপ পরীক্ষা-নিরীক্ষা করার পর কোনো সমস্যা পাওয়া যায়নি। কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পর আমরা আবার ব্রাহ্মণবাড়িয়ায় পুনরায় নাপা সিরাপ বিক্রি করতে ব্যবসায়ীদের চিঠি দিয়েছি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার  রাতে জেলার আশুগঞ্জ উপজেলায় ‘নাপা সিরাপ খেয়ে’ দুই শিশুর মৃত্যুর অভিযোগ ওঠার পর তা বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়া ওষুধ ফার্মেসি ব্যবসায়ীদের এই সমিতি।