তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী।
তিনি জেগে আছেন বলেই বাংলাদেশ নিরাপদে আছে, ১৭ কোটি মানুষ নিরাপদে আছে।
শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছেন, ততক্ষণ কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।
ডা. মুরাদ বলেন, যারা এ স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে, তাদের এ স্বপ্ন বাংলার মাটিতে কোনোদিন পূরণ হবে না।
ঘাতক ও খুনিদের স্বপ্ন ধূলিসাৎ করার জন্য লক্ষ-কোটি মুক্তিযোদ্ধার সন্তানরা বেঁচে আছে, বেঁচে থাকবে জন্মজন্মান্তর।
প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানান।
গতকাল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কান্দারপাড়া বাজার-জামতলা বাজার সড়কে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্বা, এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এর আগে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদের বিদায় এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার যোগদান উপলক্ষে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।










