দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচন ফেব্রুয়ারির আগেই হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর রাষ্ট্রীয়ভাবে একটি বিবৃতি দেয়া হয়েছে। সেই আলোকে আমরা বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে আমি মনে করি, এখন দেশের যে অবস্থা, নির্বাচন ফেব্রুয়ারির আগেই হতে পারে।

বুধবার (৩০ জুলাই) সকালে ফেনী জেলা প্রশাসনের আয়োজিত একটি মতবিনিময় সভায় অনির্ধারিত আলোচনাকালে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান।

তিনি বলেন, ‘২০০৯ সালে যে নির্বাচন হয়েছিল, সেটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না। মূলত ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত দেশে কোনো নির্বাচিত সরকার ছিল না। একটা দেশে যদি দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে, তাহলে কোনোভাবে মানুষের অর্থনৈতিক বা মানুষের জীবনমানের উন্নয়ন হবে না। নির্বাচিত সরকার জনগণের নিকট দায়বদ্ধ থাকে। সংগ্রাম, অত্যাচার-নির্যাতন সহ্য করে তারা ক্ষমতায় আসে। সরকার যদি জনগণের নিকট দায়বদ্ধ না থাকে, তারা তো কোনোদিন ভালো কাজ করবে না। এজন্যই আমরা চাইছি নির্বাচনটি দ্রুত হোক।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘কেউ কেউ বলছে আমরা হঠাৎ করে নির্বাচন চাইছি। এটা সঠিক নয়। আমরা ২০০৬ সাল থেকেই নির্বাচন দাবি করেই আসছি।’

খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ফেনীতে প্রার্থী হবেন। ফেনী থেকেই তিনি নির্বাচিত হবেন, কারণ তিনি এখন সুস্থ আছেন।’