লটারি প্রক্রিয়ার মাধ্যমে ১১ পদের ১২১ কর্মচারী বদলি করেছে রাজধানী
উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। লটারির মাধ্যমে বদলি করা হলে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও কাজের
গতি বাড়ার সঙ্গে সঙ্গে নগরবাসী আরো বেশি সেবা পাবেন বলে মত রাজউক কর্মকর্তাদের।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাজউক ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে
এ বদলি করা হয়। পদগুলো হলো কানুনগো (গ্রেড-১০), ইমারত পরিদর্শক (গ্রেড-১০), হিসাবরক্ষক
(গ্রেড-১১), নথিরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১২), নক্সাকার (গ্রেড-১২), উচ্চমান সহকারী
(গ্রেড-১৪), সুপারভাইজার (গ্রেড-১৬), ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬), কনিষ্ঠ হিসাব
সহকারী (গ্রেড-১৬), অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৬) ও নথিরক্ষক (গ্রেড-১৭)।
এ সময় রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা বলেন, পদায়ন, বদলি
ও অন্যান্য দাফতরিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে রাজউক। এর অংশ
হিসেবে লটারির মাধ্যমে বদলির এ উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ আগস্ট রাজউকে বিভিন্ন পদে নবযোগদানকৃত ১৩০
কর্মকর্তা-কর্মচারী এবং গত ৭ ফেব্রুয়ারি সার্ভেয়ার পদে নবযোগদানকৃত ৩২ কর্মচারীকে একই
প্রক্রিয়ায় লটারির মাধ্যমে বিভিন্ন দফতরে পদায়ন করা হয়।
লটারি প্রক্রিয়ার মাধ্যমে বদলিকৃত কর্মচারীরা কোথাও কোনো তদবির না
করেই স্বচ্ছতার সঙ্গে কর্মস্থলে যোগদান করবেন, উল্লেখ করে রাজউক চেয়ারম্যান আরো বলেন,
দাফতরিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণের ওপর আমরা সর্বোচ্চ গুরুত্বারোপ করছি, যাতে
রাজউক কর্মচারীরা নিরপেক্ষভাবে সেবামুখী মনোভাব নিয়ে কাজ করে নাগরিক সেবার মান বৃদ্ধিতে
অবদান রাখতে পারেন। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে
উন্নত নাগরিক সেবার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন
ও অর্থ); মোহাম্মদ নূরুল ইসলাম, সদস্য (এস্টেট ও ভূমি); মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন
আহমদ চৌধুরী (অব.), সদস্য (উন্নয়ন); মোহাম্মদ আব্দুল আহাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ),
রাজউক, ঢাকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।










