নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তের নাম ফোরকান উদ্দিন শাকিল (৩৫)। শাকিল পিরোজপুর সদরের তেজদাশকাটি গ্রামের তোফায়েল উদ্দিন খানের ছেলে। রায় ঘোষণাকালে শাকিল আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ১১ অক্টোবর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলা গোপীনাথপুর এলাকায় বসতবাড়িতে ধরালো অস্ত্র দিয়ে শাকিল তার স্ত্রী মর্জিনা বিথিকে (২৫) কুপিয়ে হত্যা করে। শাকিল লোহাগড়া উপজেলা সদরের একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল এ রায় ঘোষণা করেন আদালত।