রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে যাওয়া সড়কে ১০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর ফলে আটকে পড়া ৪ শতাধিক পর্যটক ফিরতে শুরু করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল শুরু হয়। এর আগে ভোর থেকে খাগড়াছড়ির সঙ্গে সাজেকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
জানা গেছে, সাজেকের বিভিন্ন এলাকায় টানা বর্ষণে পাহাড় ধস হয়। বিশেষ করে নন্দরাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় সড়কে মাটি ও পাথর পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর মধ্যে নন্দরাম এলাকায় সবচেয়ে বেশি ধস দেখা যায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আখতার জানান, বুধবার রাত থেকে ভারি বর্ষণে সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসে পড়ে। ভোর থেকে ফায়ার সার্ভিস, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে সড়ক পরিষ্কারের কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে সড়ক পুরোপুরি সচল হয়।
তিনি আরো বলেন, আটকে পড়া পর্যটকরা এখন নিরাপদে ফিরে যেতে পারছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।










