বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করেছে। সারা দেশে ৩২ হাজারেরও বেশি পূজামণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসবে হিন্দু নারী, পুরুষ এবং শিশুরা দেবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দশ দিনব্যাপী এ উৎসব।
এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সরকারও এ উপলক্ষে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো ধরনের উস্কানি ও অপপ্রচারের তোয়াক্কা না করে পূজা উদযাপন করতে পেরেছেন। এ জন্য সরকার সব হিন্দু ধর্মাবলম্বীকে অভিনন্দন জানিয়েছে।
গত সপ্তাহে দেশের কিছু স্থানে যে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত ১১টি মামলা দায়ের করেছে এবং এসব ঘটনায় জড়িত সন্দেহে ১৭ জনকে আটক করেছে।
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান একটি চিরন্তন ঐতিহ্য, যা দেশটিকে একত্রে ধরে রেখেছে। সরকার বিশ্বাস করে, সব নাগরিকেরই ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হওয়া উচিত। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার তার অন্যতম দায়িত্ব মনে করে।
সরকার বাংলাদেশে ধর্মনিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা বজায় রাখতে বদ্ধপরিকর এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেছে যে এ লক্ষ্য থেকে কোনোভাবেই বিচ্যুত হবে না।










