সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা গণঅভ্যুত্থানে নিহত মাছ ব্যবসায়ী মিলন মিয়ার স্ত্রী মোসাম্মৎ শাহনাজ বেগম বাদী হয়ে গতকাল রোববার (১৮ আগস্ট) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে, গত শনিবার (১৭ আগস্ট) রাতেও শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও শামীম ওসমানসহ ৪৮ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আরো একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

মামলার এজাহারে বাদী শাহনাজ বেগম উল্লেখ করেন, গত ২১ জুলাই ঢাকা-চট্রগ্রাম রোডের শিমরাইল মোড় দিয়ে মাছের আড়তে যাচ্ছিলেন মাছ ব্যবসায়ী মিলন মিয়া। এসময় ১ থেকে ৩নং আসামির নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে সমবেত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। মিলন মিয়া বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা দুই ভাগনে শাকিব ও মানিকসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কনক হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে সাইনবোর্ডে অবস্থিত প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই রাত সাড়ে বারোটার দিকে মিলন মারা যান।

এই মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমীরে ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মতিউর রহমান মতি, শাহজালাল বাদল, নুর উদ্দিন মিয়া, রুহুল আমিন, ইফতেখার আলম খোকনসহ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজন, আওয়ামী লীগ নেতা জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াসহ ৬২ জনের নাম উল্লেখ করা হয়।

রোববার দিবাগত রাত পৌনে ১২টায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।