নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে পাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১।গতকাল বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি বাতানপাড়া (মসজিদ রোড) এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীদের গ্রেফতার করা হয়। এ সময় পাচারকারীর কবল থেকে দুই নারীকে উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল, ডেবিট কার্ড ও টাকা রাখার ব্যাগ জব্দ করা হয়। আজ শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১’র সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- ঝুমা আক্তার(২৮), শারমিন আক্তার (২৯), মিনারা ওরফে রিনা (৩৫), শাহজামাল (৪০), রাবেয়া আক্তার (২৭) ও কমলি খাতুন ওরফে সিমা (৩২)।

র‌্যাব-১১’র অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, মানব পাচারকারী চক্রের একদল সদস্য এক নারীকে বিউটি পার্লারে কাজ দেয়ার কথা বলে যশোর বেনাপোল বর্ডারে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে পার্শ্ববর্তী দেশ ভারতের কাঁটাতারের বেড়া অতিক্রম করে যাওয়ার জন্য বললে তিনি বুঝতে পারেন যে তাকে পাচার করা হচ্ছে। তিনি যেতে রাজি না হলে পাচারকারীরা তাকে ব্যাপক মারধর করেন। এক পর্যায়ে সে কৌশলে পালিয়ে আসেন। এ বিষয়ে ভুক্তভোগীর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করে।

র‌্যাব-১১’র অধিনায়ক আরো জানান, তাদেরকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের জন্য চক্রটি উক্ত স্থানে নিয়ে যায়। এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক নারীকে বৃহস্পতিবার রাতেই পাচার করার পরিকল্পনা ছিল।  তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে সহজ-সরল অভাবী নারীদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ভারতে পাচার করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া এ মানব পাচার চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।