চট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখীতে অর্ধশত ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। মারা গেছে বেশকিছু গবাদিপশু। গতকাল ভোরে ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ও গাছপালা। উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কয়েকটি কেন্দ্রে মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

পল্লী বিদ্যুৎ সমিতি-৩ বারইয়ারহাট জোনাল অফিসের ডিজিএম আবু তাহের বলেন, ‘ঝড়ে আমাদের আওতাধীন এলাকায় ১২টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। ১৫০-২০০টি স্থানে ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার। পুরোপুরিভাবে বিদ্যুৎ সরবরাহ করতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগতে পারে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ শুরু হয় ঝড়। কয়েক মিনিটের ঝড়ে উপজেলার হিঙ্গুলী, জোরারগঞ্জ, মঘাদিয়া, বারইয়ারহাট পৌর সদরসহ বেশকিছু ইউনিয়নের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর গ্রাম। সেখানে গিয়ে দেখা গেছে, গ্রামের জয়নাল আবেদীনের ঘর, বাচ্ছুর চায়ের দোকান, এমরানের গোয়াল ঘর, রান্নাঘর, শহীদুল ইসলামের গবাদি পশু, হারুন অর রশিদের বসতঘর, ছালেহা আহম্মদ ও আব্দুল মন্নানের ঘরসহ প্রায় অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির আঙিনায় বড় বড় গাছ উপড়ে পড়েছে।