ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের পাশে রেল স্টেশনসংলগ্ন এলাকা দিয়ে তাদের হস্তান্তর করা হয়।

ওই দুই বাংলাদেশী হলেন— সাভারের আইচানোরাদ্দা গ্রামের এসএম ইব্রাহিম দুলালের ছেলে আল আমিন হোসেন (৩৮) ও দিনাজপুরের মিশন রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে সুমন হোসেন (২১)।

এর আগে, বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে ছিলেন হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক ও বিএসএফের পক্ষে ছিলেন হিলি ক্যাম্পের এসি সৌরভ কুমার। বৈঠক শেষে বিএসএফ ওই দুই বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবি সূত্র জানা গেছে, আল আমিন দেড় বছর আগে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে কাজের খোঁজে ভারতে গিয়েছিলেন। আর সুমন গতকাল দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। শুক্রবার দুপুরে ভারতের বালুরঘাট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। পরে তারা বিজিবিকে বিষয়টি জানায়। বিজিবি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তাদের পরিচয় যাচাই করে নিশ্চিত হয় যে তারা বাংলাদেশের নাগরিক।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, বিজিবি অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে দুইজনকে থানায় হস্তান্তর করেছে। প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।