রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রেনে কাটা পড়ে রবীন্দ্রনাথ দেবনাথ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের বাসিন্দা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কের জামালপুর রেলওয়ে ফুটবল মাঠের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রবীন্দ্রনাথ দেবনাথ মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। ট্রেন আসতে দেখে লোকজন তাকে সরতে বললেও তিনি দাঁড়িয়ে থাকেন। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।