নাটোর বড়হরিশপুর টার্মিনালে বাস ও মিনিবাস মালিক সমিতির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাসের সিরিয়াল নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় সুবেল (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি আর পি রোকেয়া পরিবহনের মালিকের ভাতিজা। কুপিয়ে জখম করা হয়েছে ধীরেন্দ্র নামে একজনকে।
এ ঘটনার জন্য বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান ও কোষাধ্যক্ষ বাবুল আখতারকে দায়ী করেছে অন্য পক্ষ। ঘটনার প্রতিবাদে রাতেই কাউন্টারে তালা লাগিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। এতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল। পরে প্রশাসনের হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে মিনিবাস মালিক সমিতির সাবেক সম্পাদক মজিবর রহমান বলেন, ‘মারামারির বিষয়ে আমি সঠিক জানি না। তবে বিকালে আমার গাড়ি কাউন্টারে আটকে দিলে, আমি প্রশাসনকে জানিয়েছিলাম। সংঘর্ষের ঘটনায় আমার কোনো লোক জড়িত নয়।’
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বাস-মিনিবাস মালিক সমিতির বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকের মধ্যে গাড়ির সিরিয়াল নিয়ে দ্বন্দ্ব ছিল। এর সূত্র ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে হামলার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।










