মাগুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলা পর্যায়ে চারজন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা প্রশাসন ও  মহিলাবিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল আওয়ালের সভাপতিত্বে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিয়দ চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবীর। বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহিদা ডেইলি, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আনজুমান আরা মাহমুদা, আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু প্রমুখ।

২০২১-২২ অর্থবছরে মাগুরায় মনোনীত চারজন জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মহম্মদপুর উপজেলার ববিতা রানী বিশ্বাস, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মাগুরা পৌরসভার আমিনা হামিদ, সফল জননী সদর উপজেলার ড. মাজেদা খাতুন ও নির্যাতনের বিভীষিকা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানো শ্রীপুর উপজেলার মিতা বেগম। তাছাড়া সদর উপজেলা পর্যায়ে তিনটি ক্যাটাগরিতে আমিনা হামিদ, লায়লা রেবেকা হক ও ফাতেমা খাতুনকে সম্মাননা ক্রেস্ট এবং সনদ দেয়া হয়।