চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় সাদিকুর রহমান নামে এক বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

 

আজ রোববার (২৩ এপ্রিল) ভোরে চকপাড়া সীমান্ত থেকে বাংলাদেশের অনুমানিক ১০০ গজ ভেতরে নামো চকপাড়ার জামতলা ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাদিকুর শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা।

 

৫৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাদিকুরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

বিজিবি অধিনায়ক বলেন, ওই এলাকায় কোনো গুলির আওয়াজ শোনা যায়নি, আমরাও কোন গুলি চালাইনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সাদিকুর।

 

অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম ও বিশেষ টহল চলমান রয়েছে বলেও জানান তিনি।

 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ।