নারীভিত্তিক ম্যাগাজিন পাক্ষিক ‘অনন্যার আয়োজনে প্রতিবছরের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হল অনন্যা সাহিত্য পুরষ্কার-১৪৩২ প্রদান অনুষ্ঠান। এ বছর এ পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন ভ্রমণবিষয়ক লেখক ও ভূপর্যটক মহুয়া রউফ।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এ পুরষ্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। পাক্ষিক অনন্যা ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ড. তানজিনা হোসেন ও কবি পিয়াস মজিদ। এ সময় তারা মহুয়া রউফের লেখার ওপর আলোচনা করেন।

তাসমিমা হোসেন বলেন, এ প্রথম অনন্যা ভ্রমনবিষয়ক লেখককে পুরষ্কার দেয় হল। দেশে নারীদের মধ্যে এমন লেখিকা কম পাওয়া যাবে। ভ্রমণ নিয়ে লেখায় মহুয়া নতুন আঙ্গিক এনেছে। তার লেখনিতে প্রাঞ্জল ভাষাশৈলী ও গভীর জ্ঞান দারুণভাবে ওঠেছে।

মহুয়া রউফ বলেন, আমি বাংলাদেশে জন্ম নিয়ে বাঙালি, কিন্তু নিজেকে আমি বিশ্বনাগরিক মনে করি। আমি মনে করি, অ্যামাজনের গহীন বনেও আমার হিস্যা আছে।

এর আগে অনুষ্ঠানে পুরষ্কারপ্রাপ্ত লেখকের ওপর তাপস কুমার দত্ত কর্তৃক নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে তাকে উত্তরীয় পরিয়ে দেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সাহিত্যে বিশেষ অবদানের জন্য নারী সাহিত্যিকদের ১৯৯৩ সাল (বাংলা ১৪০১ সন) থেকে ৩২ বছর ধরে ধারাবাহিকভাবে অনন্যা সাহিত্য পুরষ্কার দেয়া হচ্ছে।