নদ-নদীতে ২২ দিনের ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। ইলিশ আহরণ শুরু হওয়ায় আবারো সরগরম হয়ে উঠেছে চাঁদপুর বড়স্টেশন মাছঘাট। কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে। গতকাল সকাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক ট্রলার ইলিশ নিয়ে চাঁদপুর মাছঘাটে এসেছে।

ঘাটে গিয়ে দেখা যায়, ব্যবসায়ী-শ্রমিকদের হাঁকডাকে মুখর বড়স্টেশন মাছঘাট। ইলিশ ঝুপড়িতে করে আড়তে এনে স্তূপ করছেন শ্রমিকরা। সেই ইলিশ হাঁকডাক দিয়ে বিক্রি হচ্ছে।

ইলিশ কিনতে আসা মতিন জানান, প্রথম দিন হিসেবে ভালো ইলিশ এসেছে। দাম আগের মতোই। তবে অধিকাংশ ইলিশ আগের বলে মনে হচ্ছে। দাম কমলে আরো ইলিশ কেনার পরিকল্পনা রয়েছে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, ঘাটে ইলিশ বেচাকেনা নিষিদ্ধ ছিল ২২ দিন। গতকাল প্রথম দিন হিসেবে বিভিন্ন স্থান থেকে ইলিশ আসছে। ৯০০-১০০০ মণ ইলিশ সরবরাহ হতে পারে। ইলিশের পাশাপাশি পাঙাশ ও অন্যান্য মাছ পাওয়া যাচ্ছে, যা ক্রেতাদের আকৃষ্ট করছে। আরো কিছুদিন গেলে বোঝা যাবে ইলিশ কেমন পাওয়া যাচ্ছে। জেলেরা ইলিশ পেলে সরবরাহ বাড়বে। তখন দাম কমার সম্ভাবনা রয়েছে।

ইলিশের প্রজনন নিরাপদ করতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় অসাধু জেলেদের জেল-জরিমানাসহ বিপুল পরিমাণ জাল ও ইলিশ জব্দ করেছে প্রশাসন।