রাজবাড়ী জেলার পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মুকুকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্ধ করা হয়েছে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ। গ্রেফতারকৃতরা হলেন শাকিবুল হাসান, আকাশ সরকার, রামপ্রসাদ সরকার, বিজয় কুমার সরকার ও বাদল সরকার। গতকাল সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। তিনি বলেন, গত ৩০ এপ্রিল রাতে নিজের সারের দোকানে হালখাতার অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষক মিজানুর রহমান মুকু। বাজার থেকে একটু দূরে সন্ত্রাসীরা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিতে পথরোধ করে। একপর্যায়ে মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।