চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সমুদ্রসৈকতে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. ফোরকান নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় জাহানারা বেগম ও রাকিব নামের আরো দুজন আহত হয়। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দগহিরা এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে মারা যাওয়া ফোরকান উপজেলার খতিরবাপের বাড়ির মো. ইউসুফের ছেলে। আহত রাকিব একই বাড়ির মো. নাছিরের ছেলে এবং জাহানারা বেগম দক্ষিণ সরেঙ্গা গ্রামের আলী আকবরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকালে সৈকতে ফুটবল খেলছিল একদল কিশোর। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ফোরকান ও রাকিবের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসা ফোরকানকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ত্বহা জানান, বজ্রপাতে আহত দুই কিশোর এবং এক নারীকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে ফোরকান মারা গেছে। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।










