খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় আলোচিত নুরুল হক ওরফে হকি কোম্পানি নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে বাবা ও ছয় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা করে আর্থিক জরিমানাও করেন আদালত।
রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি মিজানুর রহমান ও তার পাঁচ ছেলে আদালতে উপস্থিত ছিলেন। রাসেল নামের এক আসামি পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি আসামিরা নুরুল হক ওরফে হকি কোম্পানি নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় রামগড় থানায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ছয়/সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ছেলে। একই বছরের ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় বাদী পক্ষের ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জন এবং আসামি পক্ষের দুজনসহ মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় ঘোষণা করেন আদালত।










