দিনাজপুরের চিরিরবন্দরে ১২ বছর আগে এক শিবির কর্মী নিহতের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শনিবার নিহতের বড় ভাই নাজমুজ শাহাদাত বিপ্লব বাদী হয়ে চিরিরবন্দর থানায় এ মামলা করেন। মামলায় আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও আরো ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রীর ভাই শামীম হাসান, খানসামা উপজেলার সাবেক চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, শাফিয়ার রহমান, নুর ইসলাম, আহসানুল হক, আজিমউদ্দিন সরকার, মোসলেম উদ্দিন প্রমুখ।
মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ৪ ডিসেম্বর জামায়াতে ইসলামী সারা নদেশে হরতাল কর্মসূচি দেয়। আগের দিন সন্ধ্যায় হরতালের সমর্থনে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় আগ্নেয়াস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। হামলায় শিবির কর্মী মোজাহিদুল ইসলাম আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১২টায় তিনি মারা যান।
এ ঘটনায় সে সময় রংপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। আসামিদের হুমকি-ধমকির কারণে এতদিন মামলা করতে পারেননি বলে জানান নিহতের বড় ভাই নাজমুজ শাহাদাত বিপ্লব।
চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান জানান, ২০১২ সালে এক কিশোর নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
নিহত মোজাহিদুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি বেশার পণ্ডিতপাড়ার আতাউর রহমানের ছেলে।










