মাদারীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ২৫ বছর পর গোবিন্দ চন্দ্র পাল নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে আসামিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন গতকাল এ রায় ঘোষণা করেন। গোবিন্দ চন্দ্র শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রাম রায়েরকান্দি গ্রামের গোপাল পালের ছেলে। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক।

মামালার বিবরণে জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরে ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর স্ত্রী মিলানী রানী পালকে বালিশচাপা দিয়ে হত্যা করেন গোবিন্দ চন্দ্র। ঘটনার পরদিন শিবচর থানার থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। পরে থানার আরেক এসআই নাজমুল হক ভূঁইয়া ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি ২০ সাক্ষীর নামসহ গোবিন্দের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও মেডিকেল কর্মকর্তাসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দোষ প্রমাণ হওয়ায় গোবিন্দ চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।