সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন। সোমবার (১১ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে গত তিন মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত ছিলেন ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অতিরিক্ত আইজিপি অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান যৌথ বাহিনীর অভিযান আরো জোরদার করার নির্দেশ দেন। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারে ইউনিট প্রধানদের নজরদারি বাড়ানোরও নির্দেশ দেন তিনি। এ সময় মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা নিতেও গুরুত্বারোপ করেন তিনি।

মো. আকরাম হোসেন বলেন, থানায় সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।

সভায় আলোচ্য তিন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, সাজা পরোয়ানা, মামলা তদন্ত ও বিচার প্রক্রিয়া, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।