আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই তিনি এ দেশে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন। যার সুফল আজও জাতি ভোগ করছে। 

গতকাল দুপুরে ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলন উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আমির হোসেন আমু আরো বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪০ বছর পর জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে এ দেশে প্রথম বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি যুগোপযোগী শিক্ষানীতি বাঙালিদের উপহার দেন। সে শিক্ষানীতি অনুযায়ী, আজ গ্রামবাংলার স্কুলগুলোয়ও শিক্ষার্থীরা ল্যাপটপ পাচ্ছে, মাল্টিমিডিয়া পাচ্ছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেন থলপহরির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মুজিবুল হক আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।