দেশের আর্থিক খাতের আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। তিনি আওয়ামী লীগের কেউ নন। আজ সোমবার মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতায় এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, খারাপ লোকদের আওয়ামী লীগে জায়গা নেই। মাদক কারবারি, দুর্নীতিবাজ, অর্থ প্রচারকারীদের আওয়ামী লীগে জায়গা নেই। সারাদেশে চলমান আওয়ামী লীগের কাউন্সিলে এ ধরনের মানুষ যাতে দলে প্রবেশ করতে না পারে সে জন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এছাড়া অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










