সাতক্ষীরা সীমান্ত দিয়ে দশজন নারীসহ মোট ১৪ জন বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বিকালে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের কুশখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়। রোববার (২২ জুন) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ফেরত আসা সবাই দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। পরে বিএসএফ তাদের আটক করে।

সীমান্তে পতাকা বৈঠকে ভারতের পক্ষে ছিলেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার ও বাংলাদেশের পক্ষে ছিলেন কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান।

ফেরত আসা ১৪ জনের মধ্যে আছেন— ঢাকার কামরাঙ্গীরচরের মারিয়া আক্তার ও নুসরাত জাহান, সাতক্ষীরার রাণী মন্ডল ও রিয়া মন্ডল, খুলনার নাছিমা বিবি ও সুমাইয়া খাতুন, গাজীপুরের সাথী আক্তার, সাতক্ষীরার জাকির হোসেন ও এনছাফুল ইসলাম, খুলনার তাসলিমা বেগম ও ইয়াসমিন, গোপালগঞ্জের মনিতোষ রায় এবং ঢাকার নজরুল ইসলাম।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, বিএসএফ ১৪ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। পরে তাদের সাতক্ষীরা থানায় পাঠানো হয়।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল বলেন, কাগজপত্র যাচাই করে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।