বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা সরকার করছে না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বারবার বলে আসছে যে ম্যাডামের চিকিৎসা দেশে করা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া প্রয়োজন। দলের পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে, কিন্তু সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করছে না।

রোববার (২৩ জুন) নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক দোয়া মাহফিলে মির্জা ফখরুল এ কথা বলেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। তিনি বলেন, রাজনীতি থেকে দূরে রাখতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যসমাপ্ত ভারত সফর নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘ভারত তাদের অনেকগুলো চুক্তি করে নিয়েছে। কিন্তু আমাদের কোনোটাই হয়নি। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। প্রত্যেকটি নদীর হিস্যা চাই, এটা আমাদের অধিকার। সরকার নতজানু নীতিতে চলছে। মিয়ানমার থেকে গুলি আসে, অথচ সরকার কিছু বলে না। এ সরকার জগদ্দল পাথরের মতো বুকে চেপে বসে আছে।’

দোয়া মাহফিলে অন্যদের মধ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ড. আসাদুজ্জামান রিপন ও জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।