কুড়িগ্রামে অনলাইন জুয়ার সফটওয়্যার নির্মাতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার ভুরুঙ্গামারী, রংপুর ও দিনাজপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইনস হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, চক্রটি উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকায় অনলাইনে জুয়ার সফটওয়্যার বিক্রি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। এন্টি টেরোরিজম ইউনিটের সাইবার উইংয়ের মাধ্যমে শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ম্যাক্স প্লেয়ার, স্পোর্টস জোন সফটওয়্যার ব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উঠতি বয়সের তরুণদের লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রংপুর শহরের মুলাটল প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন অয়ন ছাত্রাবাস থেকে অনলাইন জুয়ার এজেন্ট আবুল কালামকে (২২) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কয়েকটি সিম কার্ড ও নগদ টাকা পাওয়া যায়। তার দেয়া তথ্যমতে, জেলার ভুরুঙ্গামারী উপজেলার ভানা এলাকা থেকে অনলাইন জুয়ার সফটওয়্যার ডেভেলপার সুজন মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ল্যাপটপ মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে দিনাজপুরের খানসামা এলাকা থেকে অনলাইন জুয়ার অন্য এজেন্ট ভবানী রায়কে গ্রেফতার করা হয়।










