ছাত্র-জনতার আন্দোলনের ফলে অন্তর্বর্তী সরকার গঠনের কথা স্মরণ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের পরিপূর্ণরূপে চিকিৎসাদান।’
‘এখনো অনেক ছাত্র-জনতা হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। ছাত্রদের সঙ্গে সাধারণ অনেক মানুষও নিহত হয়েছেন’ বলেও উল্লেখ করেন তিনি।
আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে বিশ্ব ডিম এবং বিশ্ব খাদ্য দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড আয়োজিত"খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সম্পর্কিত জাতীয় প্রযুক্তিগত সেমিনারে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার এসব কথা বলেছেন।
উপদেষ্টা বলেছেন, ‘দেশে খাদ্য উৎপাদন বাড়েনি, বেড়েছে ধান ও চালের। খাদ্য নিরাপত্তার প্রশ্নটি এখন অনেকভাবেই আলোচিত হচ্ছে। ষাটের কিংবা সত্তরের দশকে এক সময় বলা হতো, সবুজ বিপ্লবের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যাবে। পরবর্তীতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা শুধু খাদ্য উৎপাদন নয় খাদ্য নিরাপত্তার কথা বলে আসছে।’
ফিড আমদানির কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, ফিডের সঙ্গে অনেক ইনগ্রেডিয়েন্টস আমদানি করতে হয়। ফিড যদি নিরাপদ না হয়, তাতে যদি অ্যান্টিবায়োটিক থাকে আমাদের শরীরও নিরাপদ থাকবে না। নিরাপদ খাদ্য গ্রহণ এখন সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিরাপদ খাদ্যে সর্বোচ্চ ব্যবস্হ গ্রহণ করবে।’
এরপর প্রধান অতিথি সেফ ফুড ডাইজেস্টের মোড়ক উন্মোচন করেন এবং তাকে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড কতৃক ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খালেদ হোসেনের সভাপতিত্বে চিফ প্যাট্রন হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঞাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের চেয়ারম্যান মো. জাকারিয়া, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক ও আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শীরিন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিপিআইসিসির প্রেসিডেন্ট শামসুল আরেফিন। সেমিনারে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিজ্ঞানী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে আজ বিকালে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। এ সময় বিলুপ্তপ্রায় মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে লাইভ জিন ব্যাংকের মাধ্যমে বিজ্ঞানীদের আরো গবেষণা কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ফরিদা আখতার। এর আগে উপদেষ্টা বিএফআরআইয়ে বৃক্ষরোপণ করেন। সেখানে আরো উপস্থিত ছিলেন বিএফআরআইর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহের পুলিশ সুপার মো. আজিজুল ইসলামসহ বিএফআরআইর কর্মকর্তা-কর্মচারীরা।









